গোসলে নেমে দেখেন নদে ভাসছে নবজাতকের মরদেহ
এশিয়া পোস্ট নিউজ, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে তিলকপুর এলাকায় কয়েকজন নদীতে গোসল করতে গেলে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখতে পান। পুলিশকে জানানো হলে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. সোহেল মিয়া বলেন, নদীতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
