খেলতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর মিলল নিশাতের বস্তাবন্দি মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাড়ে ছয় বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিশাত ওই এলাকার প্রবাসী সাদেক মিয়ার মেয়ে। পরিবার জানায়, গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে খেলা করছিল সে। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী নিশাতকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আজ দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের একটি ঝোপ বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিখোঁজের পর শিশুটির বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।