টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে পুরোনো গাড়ির টায়ার ও রাবারজাতীয় প্লাস্টিক পুড়িয়ে ফার্নেস ওয়েল উৎপাদনের অভিযোগে ‘গ্রীন এনার্জি’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘনবসতিপূর্ণ এই এলাকায় পুরোনো টায়ার ও রাবারজাতীয় প্লাস্টিক পুড়িয়ে পরিবেশবান্ধবহীন উপায়ে ফার্নেস ওয়েল তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। টায়ার পোড়ানোর সময় নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধ আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছিল, যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল।
স্থানীয় অধিবাসীদের মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পরিবেশ দূষণের দায়ে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এবং ‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’-এর ৮(১) বিধি লঙ্ঘনের প্রমাণ মেলে। আইনভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট এলাকা থেকে এর সমস্ত স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।