ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের সড়াইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জয়পুরহাটের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত এনামুল হক মারা যান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
