logo
Advertisement

সরকার লংমার্চ দেখে পাগল হয়ে গেছে: নাসির উদ্দিন

সরকার লংমার্চ দেখে পাগল হয়ে গেছে: নাসির উদ্দিন
ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ছবি : এশিয়া পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, একটা সময় পত্রিকার হেডলাইন ছিল—গভর্নমেন্ট গেছে পাগল হইয়া। এখন তারেক রহমানের সরকার লংমার্চ দেখে পাগল হয়ে গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা ছাত্রদল-যুবদল কাউকে ভয় পাই না। তারেক রহমানকে ভয় পাই না। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের ৮ দফার মধ্যে ৭ নম্বর দফা হচ্ছে—সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। যেখানে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির আখড়া, সেখানেই জনতা গিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আরেকটি দফা রয়েছে, আপনাদের রংপুরবাসীর প্রিয় শর্ত। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। আপনাদের বিএনপির যিনি সাংগঠনিক সম্পাদক, রংপুরের—আমি তাকে বলেছিলাম সন্ত্রাসী। অনেকেই আমার বিরোধিতা করেছিলেন। পরে সবাই দেখেছিলেন, আসলে সেই লোকটা সন্ত্রাসী। আপনারা জানেন সেই লোকটা কে। নাম বলে সময় নষ্ট করতে চাই না।

তিনি বলেন, ওরা প্রতিশ্রুতি দিয়েছিল তিস্তা হবে, হয় নাই। চীনে গিয়েছে, ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। এখন বলে নিজেদের টাকায় করব। মুরোদ নাই।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে তিস্তা বাস্তবায়ন হবে। আমরা কথা ও কাজে বিশ্বাসী। কারণ আমরা এক আল্লাহতে বিশ্বাসী। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। নির্বাচনের পরেও আমরা কথা বলতে পারতাম। দেশে অস্থিতিশীলতা হতো। এজন্য আমরা আস্তে আস্তে আগাচ্ছি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম ও নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।