logo

গুদাম থেকে উদ্ধার ১২০০ লিটার পেট্রোল

গুদাম থেকে উদ্ধার ১২০০ লিটার পেট্রোল

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এ ঘটনায় গুদাম মালিককে জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, নীলফামারী সিপিসি-২, র‍্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে একটি দল বাস টার্মিনাল-সংলগ্ন রায়হানুল ইসলামের গুদামে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদাম মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

একইসঙ্গে জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।

র‍্যাব জানায়, জনস্বার্থে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।