Advertisement

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে
চাঁদপুর শাহরাস্তিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস-ট্রাক। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও অতিরিক্ত বালুবোঝাই ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও সুপারভাইজারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত বেড়ে অন্তত ১৮ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌঁ জেবি উচ্চবিদ্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ডাম্পট্রাকের মালিক কুমিল্লার সদর দক্ষিণ এলাকার আব্দুল ওহাব (৪৫), আল-আরাফাহ্ এক্সপ্রেস বাসের চালক গাইবান্ধা জেলার কামাল (৪০) এবং ওই বাসের সুপারভাইজার বাগেরহাট জেলার শোভন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত বালুবোঝাই ডাম্পট্রাকটি চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। ট্রাকটি দ্রুতগতিতে বানিয়েচৌঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল-আরাফাহ্ এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তারা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

আহতদের মধ্যে নীলফামারীর মো. শহিদুল্লাহ (৬০) এবং রংপুর জেলার মণ্ডুলপাড়ার রাধানগর গ্রামের আঞ্জুমান বেগম (৫০) ও নিলয় (২০)— এই তিনজনের অবস্থা গুরুতর। তাদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুমিল্লায় স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা ফেরাতে বিকেল ৩টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কোনো বালুবাহী ট্রাক চলাচল করতে পারবে না। এ ছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পুলিশের টহল বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম এবং শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটলেও বর্তমানে সড়কটিতে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।

বিষয় :