আনসার-ভিডিপি একাডেমিতে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ উদ্বোধন

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যময় প্রভাতে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা-স্তম্ভটির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
একাডেমি প্রাঙ্গণে নবনির্মিত এই সুউচ্চ পতাকা-স্তম্ভের উচ্চতা ১২০ ফুট, যা দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। উদ্বোধনের পরপরই বিশালাকৃতির জাতীয় পতাকা আকাশে উড্ডীয়মান হলে একাডেমি প্রাঙ্গণে প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক। এই পতাকা আমাদের প্রত্যেক সদস্যকে শপথ করাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা কেবল ভাষার মর্যাদা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জাতীয় ঐক্য, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অবিচ্ছেদ্য প্রেরণা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে একাডেমিতে প্রশিক্ষণরত সদস্যরা উপস্থিত থেকে জাতীয় পতাকাকে স্যালুট প্রদান করেন এবং দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
‘চির উন্নত বিজয় নিশান’ নামকরণ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীককে ধারণ করে। সুউচ্চ এ পতাকা-স্তম্ভ কেবল স্থাপত্যিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং বাহিনীর সদস্যদের মনোবল ও দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মহান একুশে ফেব্রুয়ারির প্রভাতে জাতীয় সংগীতের সুর ও শহীদদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। পরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও উদ্বোধনের মাধ্যমে শেষ হয় এ আয়োজন।