Advertisement

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
কক্সবাজারে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে মো. হানিফ (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ঢাকার মিরপুর এলাকার সিকান্দার কাজীর ছেলে।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের অ্যান্ডারসন রোডের হোটেল সৌদিয়ার তৃতীয়তলার ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১১টার দিকে খাবার খাওয়ার উদ্দেশ্যে কক্ষ থেকে বের হন হানিফ। এরপর সোমবার দুপুরের দিকে হোটেলের এক কর্মচারী তার কক্ষে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরের প্রবেশদ্বার বাসটার্মিনাল এলাকার ‘ঢাকা হোটেল’-এর চারতলার ৪০১ নম্বর কক্ষ থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহত ওই পুলিশ সদস্যের নাম আতাউল কবির। তার বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।