সাজেকে ঘুরতে এসে প্রাণ গেল শিক্ষকের

সাজেক ভ্রমণে এসে স্ট্রোক করে মো. মাসুদুল আলম নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সহকর্মীদের নিয়ে সাজেক ভ্রমণে এসে কংলাক পাহাড়ে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে দীঘিনালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. মাসুদুল আলম ঢাকার সাভারের গেন্ডায় অবস্থিত আনন্দপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি ১৭ সদস্যের একটি শিক্ষক দলের সঙ্গে সাজেক ভ্রমণে এসেছিলেন।
সহকর্মীদের ভাষ্যমতে, দুপুর ১টার দিকে প্রথমে অসুস্থ বোধ করেন তিনি। পরে কংলাক পাহাড়ে দ্বিতীয় দফায় জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত দীঘিনালা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, সকালে তারা এসেছিলেন। তবে তিনি অসুস্থ বোধ করায় দুপুরে খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি সাভার থেকে এসেছেন বলে জানা গেছে।