logo

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ইনহেলেশন বার্নে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঘুমন্ত অবস্থায় থাকা ৬৩ শিক্ষার্থী।

ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটে ঘটনাটি ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।

মাদ্রাসায় আগুন লাগার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন।

জানা গেছে, সোমবার রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৩টা ৪০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।

হাসপাতালের নথি অনুযায়ী, চিকিৎসাধীন শিক্ষার্থীদের অধিকাংশের শরীরে দ্বিতীয় মাত্রার দগ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দুজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, একজন প্রথম মাত্রার এবং একজন তৃতীয় মাত্রার দগ্ধ রয়েছে।

হাসপাতালের তালিকায় থাকা আহত শিক্ষার্থীরা হলেন- নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), খায়রুল (২২), আলী আমিন (১৭), নাঈম (১৫), জুবায়ের (১৭), জোবায়ের (১৮), রাকিব (১৭), হাসনাত (২২), আশিক (১৭), আবিদ (১৭), আবদুল্লাহ (১৩), আশরাফুল (১৭), রিফাতুল্লাহ (২৯), লাবিব (২২), লোকমান (২৭), হেমায়েত (২৩), মোহাম্মদ (২১), আবদুল্লাহ (১৪), হুজাইফা (১৯), মঈনুল ইসলাম (২০), আলী হাসান (২৪), মাহাতি (১৩), সিরাজ (২৫), আবদুল আজিজ (১৮), রেদোয়ান (১৬), রাশেদ (১৮), তাফসির (১৪), আয়াতুল্লাহ (১৭), রাকিবুল (২২), ফয়েজুল্লাহ (১৪), ইসমাইল (২১), বায়েজিদ (১৬), আবদুল্লাহ সাকিল (১৫), ইউসুফ (২০), মাহফুজ (১৮), আমিনুল্লাহ (১৮), আবু বকর (২১), নাজমুল (১৬), আবদুল্লাহ রায়হান (১৭), মেরাজ (১৮), জুবায়ের (১৭), মাহাতির (১৩) ও রাকিব (১৭)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরিস্থিতি বুঝতে পেরে মাদ্রাসার শিক্ষক ও অন্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে অসুস্থ শিক্ষার্থীদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন এশিয়া পোস্টকে বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকায় নেওয়া হয়। আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।