ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
আটককৃত সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নেত্রকোনা পৌর শহরের কুড়পার এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, কুড়পার এলাকায় পাঁচটি পরিবারের কাছ থেকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের থেকে তিন হাজার টাকা করে নেন সাদিয়া। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার এশিয়া পোস্টকে বলেছেন, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


