বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার
ছবি : এশিয়া পোস্ট

পিরোজপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোরে পরিচালিত এ অভিযানের বিষয়ে একই দিন দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির চেষ্টা চলছে। পরে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলী হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম দমনে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং এটির সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।