logo
Advertisement

এক দফার হুঁশিয়ারি জামায়াত আমিরের

এক দফার হুঁশিয়ারি জামায়াত আমিরের
১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’-এ সিরাজগঞ্জে হাটিকুমরুল মোড়ে পথসভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : ফেসবুক থেকে পাওয়া

সরকার ১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবি মেনে না নিলে তা যে কোনো সময় এক দফার আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলাকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরের পথসভায় এ কথা বলেন তিনি।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালোয় ভালোয় ৮ দফা দাবি মেনে না নিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে ৮ দফার পরিবর্তে ১ দফার ডাক দেব। ৮ দফা দাবি যে কোনো সময় ১ দফায় পরিণত হবে।

উপস্থিত জনতার উদ্দেশে জামায়াত আমির বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় লংমার্চের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। ডাক দেওয়া মাত্র ঐক্যবদ্ধভাবে ঢাকার অভিমুখে আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আন্দোলনের লক্ষ্য স্পষ্ট করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য আন্দোলন করছি না। আমাদের এই আন্দোলন ১৮ কোটি মানুষের জন্য। আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরব। একই সঙ্গে জনগণের দাবি মেনে নিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এই রংপুর অভিমুখী লংমার্চ পরিচালনা করছে।