মসজিদের ইমাম থেকে সংসদে মুফতি আবুল হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। সিলেটের জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব তিনি। পাশাপাশি করেন শিক্ষকতা। ইসলামি বক্তা হিসেবেও বেশ সুনাম আছে তার।
নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুফতি আবুল হাসান বলেন, ‘প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। জকিগঞ্জ ও কানাইঘাটের আপামর জনসাধারণের শুকরিয়া আদায় করছি। আমি এখন অনুধাবন করছি, দুটি উপজেলার দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। জনগণ আমার ওপর যে আমানত দিয়েছেন, তার যথাযথ রক্ষণাবেক্ষণ করা আমার বড় দায়িত্ব।’
কানাইঘাট-জকিগঞ্জকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে চান জানিয়ে তিনি বলেন, ‘এ কাজের জন্য জনগণ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে মানুষের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’
আবুল হাসান বলেন, ‘আল্লাহর রাসুল মিম্বার থেকে দেশ পরিচালনা করেছেন। আমরা তো ওই রাসুলের উত্তরসূরি বা উম্মত। জনগণের সেবা করার জন্য আল্লাহ আমাকে মসজিদের মিম্বার থেকে সংসব ভবনে পাঠিয়েছেন। আমি মানুষের খেদমতের সর্বোচ্চ চেষ্টা করব।’
এলাকার জন্য কীভাবে কাজ করবেন—এমন প্রশ্নে আবুল হাসান বলেন, ‘আমার প্রধানতম কাজ হলো জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মুখে হাসি ফোটানো। যে সেক্টরে আমরা পিছিয়ে রয়েছি, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগুলো থেকে কীভাবে বের হয়ে এগিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিলেট নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মুফতি আবুল হাসান দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। ৯ হাজার ৫৮১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আবুল হাসান।
মোহাম্মদ আবুল হাসানের বাড়ি জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামে। জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। মায়ের নাম মোছাম্মাৎ আছারুন বিবি। ১৯৯৩ সালে শিক্ষকতায় যোগ দেন তিনি। জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি বর্তমানে জেলা খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।