logo

শুধু কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টি করেও আয় বাড়াতে চায় সরকার: ত্রাণমন্ত্রী

শুধু কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টি করেও আয় বাড়াতে চায় সরকার: ত্রাণমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি : এশিয়া পোস্ট

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে মানুষের আয়-রোজগার বৃদ্ধির চেষ্টা করছে সরকার।

শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন ও স্কাউট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবেও সরকারের এসব উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে আসাদুল হাবিব দুলু বলেন, আমরা একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘবে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে, যাতে মানুষের সক্ষমতা বাড়ে। পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এতে মানুষের আয়-রোজগার বাড়বে।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শিশুরা ছোটবেলা থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন সুন্দর হবে। তারা সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে। বর্তমানে তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদক ও ক্যাসিনোতে আসক্ত হয়ে পড়ছে। নতুন প্রজন্মকে এসব আসক্তি থেকে দূরে রাখতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় স্কাউট সদস্যদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। দুর্যোগের সময় তারা কীভাবে মানুষকে সহায়তা করতে পারে এবং জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

‘নীল আকাশ, সবুজ বন—স্কাউটিংয়ে গড়ি জীবন’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পুরিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ খুদে স্কাউট অংশ নিচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এতে রাখা হয়েছে নানা শিক্ষামূলক, সৃজনশীল ও আনন্দঘন আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবু আউয়াল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাস হোসেনসহ অনেকে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট