logo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
কলেজ শিক্ষক মোসাদ্দেক হাসান ছবি: ফেসবুক থেকে নেওয়া

নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (৩২) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফ হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান কয়েক দিন ধরে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিন রাত ১০টায় খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, মোসাদ্দেক ডেঙ্গু পজিটিভ হয়ে দুই-তিন দিন আগে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দুপুরে তিনি নামাজও পড়েন এবং কিছুটা সুস্থ বোধ করছিলেন। পরে তার শরীরে প্রচণ্ড তাপমাত্রা দেখা দেয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির।