সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস

সাতক্ষীরায় বিচার বিভাগের নানা সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা আদালতের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব আশ্বাস দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, সাতক্ষীরা বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো শোনা হয়েছে। সমস্যা সমাধানে করণীয় বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সুপারিশও নেওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মামলা নিষ্পত্তির হার বাড়ানো, বিচারকদের কর্মঘণ্টার কার্যকর ব্যবহার, লিগ্যাল এইডকে (আইনি সহায়তা) আরও জনবান্ধব করা এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলাজট কমানোর আহ্বান জানান।
আসাদুজ্জামান আরও বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি সাতক্ষীরায় নতুন সৃজিত ২৩টি আদালতে দ্রুত বিচারক ও প্রয়োজনীয় স্টাফ নিয়োগ দেওয়া হবে।
মতবিনিময়ের শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মির্জা কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আরেকটি সভায় যোগ দেন আইনমন্ত্রী। ওই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।

