logo

ব্রাহ্মণবাড়িয়ায় মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে গেল বোম্ব ডিসপোজাল ইউনিট

ব্রাহ্মণবাড়িয়ায় মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে গেল বোম্ব ডিসপোজাল ইউনিট

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুর খনন করার সময় পাওয়া মর্টার শেলটি (বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন গোলা) নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকা থেকে এসে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামের নোয়াগাঁও কবরস্থানের পাশের পুকুরপাড়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুরো প্রক্রিয়ায় আশপাশের এলাকায় সতর্কতা জারি রাখা হয়।  

জানা গেছে, গত রোববার ভাষাসৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের সময় শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি মর্টার শেল বলে শনাক্ত হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে নিরাপত্তা বেষ্টনিতে রেখে পর্যবেক্ষণে রাখে। খবর পেয়ে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ দল ঘটনাস্থলে আসে। দলের সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেন।

বোম্ব ডিসপোজাল ইউনিটের সংশ্লিষ্টদের বরাত দিয়ে ওসি শহীদুল জানান, ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল। দীর্ঘদিন মাটির নিচে অবিস্ফোরিত অবস্থায় ছিল। নিরাপত্তা প্রটোকল মেনে এটি নিষ্ক্রিয় করায় বর্তমানে কোনো ঝুঁকি নেই।

তিনি বলেন, উদ্ধার হওয়ার পর থেকেই মর্টার শেলটি কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।