অ্যালকোহল পানে কলেজশিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে অ্যালকোহলের বিষক্রিয়ায় জাহিদ হোসেন (২০) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে কী কারণে ওই শিক্ষার্থী অ্যালকোহল পান করেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
মৃত জাহিদ হোসেন রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে।
জাহিদের সহপাঠীরা জানান, নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন জাহিদ। কোনো একসময় সে অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুখপত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীর অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। যখন তাকে হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ পরিবারকে বুঝিয়ে দেবে।