logo

বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ২০

বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন বাসযাত্রী। এদের ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সুয়াদি এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম শরিফুল ইসলাম। তিনি বাসের সুপারভাইজার ছিলেন, অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ২০ জন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনায় দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এদের ১০ জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।