Advertisement

মাদক সেবনের সময় পুলিশ সদস্য আটক

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
মাদক সেবনের সময় পুলিশ সদস্য আটক
আটক পুলিশ সদস্য শামসুল ইসলাম। ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবতে মাদক কারবারিদের সাথে মাদক সেবনের সময় শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

পরে খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আটক ব্যক্তিরা হলেন—বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়ালপাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জ্বল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) ও একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সাথে পুলিশ কনস্টেবল শামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক শামসুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে গত ২৭ এপ্রিল উপজেলার খামারেরচর এলাকা থেকে জীবন নামে আরেক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

বিষয় :