logo

বিলে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা, বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

বিলে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা, বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা
নিহত কাওছার হাওলাদার। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের উজিরপুরে পূর্ববিরোধের জেরে কাওছার হাওলাদার (৩২) নামের এক যুবককে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা-কান্দী সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রাশেদ আমিন হাওলাদার নামের আরেক যুবক আহত হন।

নিহত কাওছার হাওলাদার উপজেলার আলমদী গ্রামের মৃত মোনাফছের হাওলাদারের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের বহনকারী একটি মাইক্রোবাস পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে সাতলা-কান্দী সড়ক এলাকায় কাওছার ও রাশেদ আমিনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তারা পাশের বিলের পানিতে ঝাঁপ দেন। পরে সড়কের পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। ১৮ থেকে ২০ জনের একটি দল ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওছারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় রাশেদ দরজার আড়ালে লুকিয়ে প্রাণে বেঁচে যান বলে স্থানীয় ব্যক্তিরা জানান।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে এবং পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাওছারকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উজিরপুর মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফয়জুল আলম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে বহনকারী একটি মাইক্রোবাস পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। আটক ব্যক্তিদের উজিরপুর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, হত্যাকাণ্ডের অভিযোগে মোট ৯ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। ঘটনায় জড়িত অন্যদের আটকেও অভিযান চলছে।