logo

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করার ঘটনায় ‘ডা. সজিব বায়োলজি’ নামে একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে পুলিশ এই ব্যবস্থা নেয়।

শিক্ষার্থীরা জানান, সাতক্ষীরা সরকারি কলেজের ক্লাস চলার সময় কোচিং সেন্টার পরিচালনা করতেন ডা. সজিব। ঘটনার প্রতিবাদ করেন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলাম। এর জেরে ফোনে প্রভাষক শহিদুলকে গালিগালাজ করেন ডা. সজিব। এর একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারটি ঘেরাও করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ডা. সজিব কলেজের সাবেক ছাত্র হয়েও শিক্ষকদের যোগ্যতা নিয়ে কটূক্তি করেছেন। ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করে ব্ল্যাকমেইল করে আসছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ জানান, কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। কোচিং সেন্টারের অফিস কক্ষ থেকে একটি কম্পিউটার ও হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।