logo

চাঁদপুরে হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু, খোলা হয়েছে আইসোলেশন

চাঁদপুরে হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু, খোলা হয়েছে আইসোলেশন

চাঁদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েছে উদ্বেগজনক হারে। ইতোমধ্যে হাম আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় অন্তত ২৩ শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

সোমবার (৩০ মার্চ) বিকালে চাঁদপুরের সিভিল সার্জন নূরে আলম দ্বীন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়া হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে বাড়তি ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন।

সিভিল সার্জনের পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্যমতে, চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ১৭ শিশু, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশু ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশুসহ মোট ২৩ শিশু হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। হাম রোগে আক্রান্ত রোগীদের লক্ষণ দেখে আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে। 

হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, হামে আক্রান্ত শিশুদের চোখ লাল হওয়া, জ্বরের তাপমাত্রা বেশি, কাশি, শরীর লালচে বর্ণের হয়ে থাকে। তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পাশাপাশি অভিভাবকদের মনোবল না হারিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুদের সেবা করার আহ্বান জানান।

এ বিষয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, হামে আক্রান্ত শিশুদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাদের আলাদা আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।