চুরির অভিযোগ নিয়ে সংঘর্ষ-গুলি, আহত ৫

নাটোরের সিংড়ায় ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার কামার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সংঘর্ষে আহতরা হলেন—মো. হানিফ, মো. বেদন, মো. হাসান, মো. শিমুল ও মো. আশিক। তাদের সবাই কামার বড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে একই গ্রামের মো. বায়েজিদের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় তিনি একই গ্রামের আলামিন ও পাবনা জেলার বাসিন্দা মুনিরের বিরুদ্ধে সিংড়া থানায় অভিযোগ করেন। মুনির বর্তমানে বড়িয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন, তিনি আলামিনের খালাতো ভগ্নিপতি।
অভিযোগ দায়েরের জেরে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে আলামিন, মুনির ও আশিকসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন বায়েজিদের বাড়িতে হামলা ও গুলি করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে পাঁচজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে রাতেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মো. হানিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ব ম আব্দুন নূর বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচটি গুলি উদ্ধার করেছে। গুলিবর্ষণের ঘটনায় তিনজনের নাম পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।