logo

হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২

হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২
ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শেলু মিয়া (৫৩) এবং একই গ্রামের গাবরু মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৭)। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় শেলু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত হেলাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন এবং প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।