তেলের আশায় সড়কে রাত কাটালেন বাইকাররা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে তেল পাওয়ার আশায় রাতভর অপেক্ষা করতে দেখা গেছে মোটরসাইকেল চালকদের।
সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, অনেক চালক আগের রাত থেকেই পাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন।
কিছু চালক রাস্তার পাশে বিছানা বিছিয়ে রাত কাটাচ্ছেন, কেউ মোটরসাইকেলের পাশে বসে সময় পার করছেন। পাম্প কর্মকর্তারা জানাচ্ছেন, প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেলই দেওয়া হচ্ছে। সীমিত বরাদ্দের কারণে দীর্ঘ লাইন তৈরি হয়েছে, যা নিয়ন্ত্রণ করতে কষ্ট পাচ্ছেন সংশ্লিষ্টরা।
একাধিক চালক অভিযোগ করেছেন, ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকার তেল দেওয়ালে তাদের ভোগান্তি কিছুটা কমত। তারা বলেন, ‘দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও প্রয়োজনমতো তেল না পাওয়া সবচেয়ে কষ্টের।’
স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি তেলের সরবরাহে স্থিতিশীলতা না আসে, তাহলে এই ধরনের দীর্ঘ লাইন এবং চরম দুর্ভোগ নিয়মিত হয়ে যেতে পারে।