চারার বদলে গাছের ডাল রোপণ, প্রধান শিক্ষক বরখাস্ত

সরকারি নির্দেশ অমান্য করে বিদ্যালয়ে চারা গাছের বদলে ডাল রোপণ করার অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি হিসেবে বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের স্পষ্ট নির্দেশনা ছিল। তবে গত ১৫ জুলাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদার চারা রোপণ না করে শিক্ষার্থীদের দিয়ে গাছের ডাল রোপণ এবং সেই ছবি শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে আপলোড করেন।
বিষয়টি নজরে এলে গত ১৯ জুলাই কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সরেজমিনে তদন্ত চালিয়ে ঘটনার সত্যতা পান। পরবর্তীতে সরকারি বিধিমালা অনুযায়ী তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আদেশে বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা পাবেন।
এদিকে, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কৃষ্ণ পালের বিরুদ্ধে চরিত্রহনন ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের এক নারী শিক্ষিকা। তিনি জানান, মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) সরেজমিনে এ অভিযোগটির তদন্ত পরিচালনা করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহেদুল ইসলাম জানান, ডাল রোপণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া নারী শিক্ষকের লিখিত অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
.png)

