logo

পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান, এএসআই প্রত্যাহার

পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান, এএসআই প্রত্যাহার
সিলেট নগরের আখালিয়া এলাকায় একটি পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান পরিবেশন করছেন জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুক। ছবি: ভিডিও থেকে নেওয়া

নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুন বাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব ফেলে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।

তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপরই তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এএসআই উদয়ন ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।