logo
Advertisement

শিশু নন্দিনী হত্যা: ছয় কর্মদিবসে রায়, প্রধান আসামির মৃত্যুদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
শিশু নন্দিনী হত্যা: ছয় কর্মদিবসে রায়, প্রধান আসামির মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত বিধান চন্দ্র রায়কে আদলতে তোলে পুলিশ। রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে। ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটের বহুল আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড এবং তার বাবা-মায়ের পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার দুই মাস আট দিন এবং অভিযোগ (চার্জ) গঠনের দিন থেকে ছয় কর্মদিবসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করা হয়েছে।

Advertisement

রোববার (২৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো হায়দার আলী এই রায় ঘোষণা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন রেজা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। অপরাধ গোপন ও লাশ গুমের চেষ্টার দায়ে তাকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধে সহায়তার দায়ে প্রধান আসামির বাবা রনজিৎ কুমার ও মা মমতা রানীকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণীতে জানা যায়, চলতি বছরের ১৫ জুন আদিতমারী উপজেলার ফলিমারী গ্রাম থেকে শিশু নন্দিনী নিখোঁজ হয়। পরদিন ১৬ জুন বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবা নলিনী মোহন বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা করেন। পুলিশ দ্রুত সময়ে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৫ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। ১৭ আগস্ট অভিযোগ (চার্জ) গঠন করা হয়। ২০ আগস্ট সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে নন্দিনীর বাবা-মা দ্রুত তা কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন বলেন, রাষ্ট্রপক্ষ অত্যন্ত দক্ষতার সঙ্গে মামলাটি পরিচালনা করেছে। নজিরবিহীন দ্রুততম সময়ে এই বিচার কাজ শেষ করে আদালত আইনের শাসন প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান রিপন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।