ফেরিতে জুয়ার আসরে অভিযান, আটক ৪

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় মাঝ নদীতে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের টাকা ও মূল্যবানসামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে নৌপুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ছদ্মবেশে অভিযান চালিয়ে ‘শাহপরান’ নামের একটি ফেরি থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটকরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেঘুরী গ্রামের মো. আকাশ (২৩) ও মো. রাসেল মুন্সি (৩৩), এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার জহির ওরফে জহু ফকির (৪২) ও বাবু ফকির (৩৫)।
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে ফেরি মাঝ নদীতে পৌঁছালে ইঞ্জিনচালিত নৌকায় করে একটি দল ফেরিতে উঠে নির্জন স্থানে কুপি জ্বালিয়ে তাস খেলা শুরু করত। যাত্রী বা চালকদের কেউ আগ্রহ দেখালেই তাদের ফাঁদে ফেলা হতো। পরে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হতো। কেউ বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দ্রুত নৌকায় পালিয়ে যেত চক্রটি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। আকাশের বিরুদ্ধে চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ চারটি, রাসেল মুন্সির বিরুদ্ধে দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি, জহির ফকিরের বিরুদ্ধে অস্ত্র আইনে দশটি এবং বাবু ফকিরের বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।