logo

মেঘালয়ে কয়লা কোয়ারিতে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

মেঘালয়ে কয়লা কোয়ারিতে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

ভারতের মেঘালয় রাজ্যে কয়লা কোয়ারিতে মাটিচাপা পড়ে মুজিবুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার ভেতরে ভারতের লংমা এলাকায় একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টেকেরঘাট সীমান্তসংলগ্ন লালঘাট গ্রামের আলতু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্র, পুলিশ ও বিজিবি জানায়, কয়েক মাস আগে মুজিবুর রহমানসহ একই এলাকার কয়েকজন শ্রমিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সেখানে কয়লা উত্তোলনের কাজে যোগ দেন। বৃহস্পতিবার বিকেলে খনির ভেতরে কাজ করার সময় হঠাৎ ধস নামে। এতে মাটির নিচে চাপা পড়েন মুজিবুর রহমান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর তার সঙ্গে থাকা শ্রমিকরা গোপনে মরদেহ দেশে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি তার বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির সুনামগঞ্জ ২৮-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।