ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়।
আটক তাওহীদুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, বিকেলে তাওহীদুল ইসলাম বুখারী ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।
দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, আটক তাওহীদুল ইসলাম বুখারীকে দর্শনা থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।