দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিএনপির সহযোগী সংগঠন মৎস্যজীবী দল ছাড়লেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার। দুধ দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বগা ইউনিয়নে দলীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থিতিতে তারা নতুন দলে যুক্ত হন।
জালাল হাওলাদার জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর তিনি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলেন, যেখানে সততা ও আদর্শকে গুরুত্ব দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় তার সঙ্গে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এসএম আমিনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী দলত্যাগ করে জামায়াতে যোগ দেন।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নিজ হাতে এক কলস দুধ দিয়ে মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারকে গোসল করান, যা অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরে বগা ১২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় ড. মাসুদ বক্তব্য দেন।