চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হওয়া মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন মারা গেছেন। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার (৩২) সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুন সকালে আনোয়ার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরদিন নড়াইল জেলা হাসপাতালে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পান। পরে জানা যায়, চুরির অভিযোগ তুলে কয়েকজন তাকে আটকে রেখে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গোবরা মালোপাড়া এলাকার প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস ও হৃদয় বিশ্বাসসহ কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত। খবর পেয়ে স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় পুলিশ আনোয়ারকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আনোয়ারের মৃত্যু হলে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে প্রধান অভিযুক্ত প্রসেনজিৎ বিশ্বাসের মা দাবি করেন, আনোয়ার একটি ভ্যানের শিকল টানছিলেন। তার ছেলে চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হন। এরপর কারা তাকে মারধর করেছে, তা তার জানা নেই। আহত আনোয়ারকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও তার ছেলেই করেছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আনোয়ারের মৃত্যু হওয়ায় আগে দায়ের হওয়া মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





