উৎপাদন কেন্দ্রে তালা দিলেন গ্রাহকরা, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

ভোলার মনপুরা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্থানীয় একটি সোলার মিনি গ্রিডে (সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। ঘটনার পর থেকে এই গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুরে সোলার মিনি গ্রিড কেন্দ্রে এ ঘটনা ঘটে।
২০১৯ সালে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুরে এই সোলার মিনি গ্রিড কেন্দ্রটি স্থাপিত হয়। বর্তমানে প্রায় এক হাজার গ্রাহক রয়েছে।
স্থানীয়রা জানান, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও মার্চ মাস থেকে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এই সময়ের মধ্যেও লোডশেডিং করা হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। বিষয়টি কর্মকর্তাদের জানালেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার বিক্ষুব্ধ গ্রাহকরা ওই অফিসের সামনে ঘেরাও করেন। পরে তারা অফিসের স্টাফদের বের করে গেটে তারা ঝুলিয়ে দেন।
এ ব্যাপারে প্রকল্প পরিচালক কাইয়ুম বাপ্পি বলেন, জ্বালানি সংকটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হয়নি। চাহিদা জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে। গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলেছি, কয়েক দিনের মধ্য স্বাভাবিক হওয়ার কথা বলেছি।
তিনি বলেন, আজ কিছু গ্রাহক এসে বিদ্যুৎ লাগবে না বলে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বের করে ঝুলিয়ে দিয়ে দিয়েছে। এ পরিস্থিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।