logo

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনে সাড়ে দশ কেজি গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনে সাড়ে দশ কেজি গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনের ব্যবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সাড়ে ১০ কেজিরও বেশি গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার এই গানপাউডার মূলত শক্তিশালী ককটেল তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। গত ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এসব অভিযানে র‌্যাব ও সেনাবাহিনী পৃথকভাবে অংশ নেয়। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ফাটাপাড়া গ্রামের ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর গানপাউডার উদ্ধারের বিষয়টি আলোচনায় আসে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জের পারঘোড়াপাখিয়া এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ৬ কেজি ২৭০ গ্রাম গানপাউডার জব্দ করে র‌্যাব-৫। এসময় ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৩১টি জর্দার কৌটা, বিপুল পরিমাণ কাচের গুঁড়া ও পাথর উদ্ধার করা হয়।

এর আগে গত ৩০ জানুয়ারি শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ কেজি ৩০৬ গ্রাম গানপাউডারসহ ককটেল তৈরির বিপুল সামগ্রী জব্দ করেছিল র‌্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে দুর্বৃত্তরা জনমানবহীন স্থানে এসব বিস্ফোরক মজুত করেছিল। র‌্যাবের দুটি অভিযানে মোট ৯ কেজি ৫৭৬ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা হিসেবে এসব মজুত করা হয়েছিল।

এদিকে, গত ২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেখান থেকে ৫টি তাজা ককটেলসহ ১ কেজি গানপাউডার এবং ককটেল তৈরির প্রয়োজনীয় উপকরণ জব্দ করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া গানপাউডার ও ককটেলগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ককটেল তৈরির এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।