দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে: আমান

দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেল উপজেলার তারানগর ইউনিয়নের ভাওয়াল মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণের পথে কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। দেশের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কেউ কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের বাইরে অবস্থানকারী বা আত্মগোপনে থাকা কিছু রাজনৈতিক ব্যক্তি নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোট ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের দেওয়া রায়কে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে ব্যাহত করা যাবে না।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে আমান বলেন, শিক্ষার গুণগত উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সমাজ ও পরিবেশ সম্পর্কে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার আহ্বান জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, কোনো শিক্ষার্থী যেন মাদকে আসক্ত না হয়, সেদিকে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে নজর রাখতে হবে। একটি শিক্ষিত, সচেতন ও মাদকমুক্ত প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

