Advertisement

প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ
প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। ছবি : এশিয়া পোস্ট

প্রস্তাবিত স্থান শাজাহানপুর উপজেলার জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের নয়মাইল এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বর্তমানে ভূমি অধিগ্রহণে জটিলতার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হালিমসহ স্থানীয় নেতারা। অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে এবং ভূমি অধিগ্রহণেও কোনো বাস্তব প্রতিবন্ধকতা নেই। ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ এবং পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) নিকটবর্তী হওয়ায় এলাকাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত।

বক্তারা আরও বলেন, জামালপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার প্রসার, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তাদের দাবি, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ৩ ডিসেম্বর ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছে। তবে ছয় মাস পেরিয়ে গেলেও সেই আবেদন নিষ্পত্তি হয়নি।

সমাবেশে বক্তারা আরও দাবি করেন, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক আবেদনও করেছেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও তারা দাবি করেন।

এদিন দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি গুরুত্বসহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয় :বগুড়া