logo

যেভাবে পরীক্ষায় বসার সুযোগ পেলেন সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী

যেভাবে পরীক্ষায় বসার সুযোগ পেলেন সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী

গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়ি উপজেলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ জন এসএসসি পরীক্ষার্থী শেষ পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ার জটিলতা কাটিয়ে অংশ নিয়েছে পরীক্ষায়। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্ব স্ব উপজেলা একাডেমিক সুপারভাইজার।

পলাশবাড়ীর বাসুদেব উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে থাকা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন জানান,  প্রবেশপত্র না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণের অনিশ্চয়তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন।

এর আগে, সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে প্রবেশপত্র না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চবিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হন। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থীরা-অভিভাবকরা। এতে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ চলাকালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে রাতেই দিনাজপুর শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে আজ সকালে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন। 

অন্যদিকে, এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এ ছাড়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের ১৫০ পরিক্ষার্থীর ভুলে ভরা প্রবেশপত্র সংশোধন হয়েছে। ওই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন নিশ্চিত করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান সরকার। তিনি বলেন, সোমবার পরীক্ষার্থীরাদের প্রবেশপত্রের ভুলগুলো শিক্ষা বোর্ড সফটওয়্যারে ঠিক করে দেন। পরে প্রিন্ট করে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৬ হাজার ২১ জন। এ ছাড়া ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন এবং ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।