logo

জব্বারের বলীখেলায় ইংলিশ মিডিয়ামের অরণ্য তৌফিকের বাজিমাত

জব্বারের বলীখেলায় ইংলিশ মিডিয়ামের অরণ্য তৌফিকের বাজিমাত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে বড় ধরনের চমক দেখিয়েছে ঢাকা হরিজন ইন্টারন্যাশনাল স্কুলের ১৬ বছর বয়সি শিক্ষার্থী অরণ্য তৌফিক। প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের চেয়ে ১২ বছর বেশি অভিজ্ঞ প্রতিপক্ষ মোহাম্মদ মানিককে হারিয়ে বাজিমাত করেছে সে। এবারের আসরে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে অরণ্য সবচেয়ে কনিষ্ঠ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেই সরাসরি লালদীঘির ময়দানে নামেন অরণ্য তৌফিক। তার সঙ্গে ছিলেন কোচ সামির। মাত্র এক মিনিটের বেশি স্থায়ী এই প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ে জয়লাভের পর কোচকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে।

মগবাজারের বাসিন্দা অরণ্য তৌফিক শৈশব থেকেই কুস্তি ও রেসলিংয়ের প্রতি আগ্রহী। ঢাকায় নিয়মিত অনুশীলনের পাশাপাশি রেসলিংয়ের কৌশল রপ্ত করার চেষ্টা করেন তিনি।

নিজের চেয়ে শারীরিক গড়নে বড় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে অরণ্য বলে, প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও সাহস হারাইনি। লড়াইয়ের ময়দানে ধৈর্য বজায় রেখে শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছি।

তৌফিকের বাবা তৌফিকুল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মা রোকসানা পেশায় চিকিৎসক। পরিবারের উৎসাহেই খেলাধুলায় নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন অরণ্য।

জব্বারের বলীখেলার ইতিহাস ও ঐতিহ্যের কথা আগে থেকেই শুনেছিলেন অরণ্য। প্রথমবারের মতো সামনাসামনি এই ঐতিহ্যবাহী আসর দেখে এবং তাতে অংশগ্রহণ করে বিজয়ী হতে পেরে তিনি আনন্দিত।

১১৭ বছরে পদার্পণ করা এই আসরে এবার সারা দেশ থেকে ১০৮ জন বলী অংশগ্রহণ করেছেন। অরণ্য তৌফিকের এই জয় তরুণ প্রজন্মের কাছে কুস্তি ও বলীখেলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।