logo

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিলেটের কোম্পানীগঞ্জে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাকে সিলেট নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর রেস্ট হাউসে অবস্থানকালে অসুস্থ বোধ করেন মন্ত্রী।

ভোলাগঞ্জ সাদা পাথর ঘাটে দৃষ্টিনন্দন ‘ভিউ পয়েন্ট’ উদ্বোধন শেষে ফলক উন্মোচনের পর অতিথিদের সঙ্গে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট
ভোলাগঞ্জ সাদা পাথর ঘাটে দৃষ্টিনন্দন ‘ভিউ পয়েন্ট’ উদ্বোধন শেষে ফলক উন্মোচনের পর অতিথিদের সঙ্গে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সিলেট-৪ নির্বাচনি এলাকার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর—এই তিন উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচি ছিল তার। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জে পৌঁছান তিনি। সেখানে কাঁঠালবাড়ি-লাছুখাল সড়কে নবনির্মিত ২৫ মিটার দীর্ঘ একটি বেইলি সেতু উদ্বোধন করেন। পরে উপজেলার পর্যটন এলাকা সাদাপাথর ভিউ পয়েন্টের উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এসব কর্মসূচি শেষে বেলা পৌনে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে রেস্ট হাউসে বসে ফোনে কথা বলার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এ সময় সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরীতে পাঠানো হয়। পরে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শওকত আলী বাবুল এশিয়া পোস্টকে বলেন, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে রেস্ট হাউসে বসে ফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ বোধ করলে আমরা দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।