এইচএসসির প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই আটক: শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
এইচএসসির প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই আটক: শিক্ষামন্ত্রী
দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: এশিয়া পোস্ট

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং তা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করলেই তাকে পুলিশ সঙ্গে সঙ্গে আটক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Advertisement

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করে। দিনাজপুর শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কেন্দ্র সচিবদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন।

এসএসসির প্রশ্ন ফাঁসের গুজবের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির নাকি প্রশ্নপত্র আউট হয়েছে, একটি মিডিয়া ফলাও করে এমন নিউজ করল। আমি বলছি প্রশ্ন আউট হয়নি। আমি সংশ্লিষ্টদের কল করে বলার পর তারা ওই নিউজ আইটেমটি ড্রপও করল। কিন্তু সঙ্গে সঙ্গে দেখি ঢাকা ইউনিভার্সিটির অন্য দলের এক রাজনীতিবিদ ওই মিডিয়ায় এসে দাবি করলেন, এইভাবে প্রশ্নপত্র আউট হয়েছে। আমাদের এমন কোনো সাইবার অ্যাক্ট নেই যে ওই নেতাকে তখনই অ্যারেস্ট করা যাবে।’

মন্ত্রী আরও বলেন, এবার কেউ যদি প্রশ্নপত্র নিয়ে বিরূপ মন্তব্য করেন, সঙ্গে সঙ্গে তাকে পুলিশ আটকাবে; তারপর তিনি প্রমাণ করবেন যে প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি। এম আই ক্লিয়ার? কারণ, পুলিশের এই দায়িত্ব রয়েছে যে, মিডিয়ায় যদি কেউ বলে প্রশ্নপত্র আউট হয়েছে, তাকে সঙ্গে সঙ্গে কাস্টডিতে নিয়ে বিষয়টির পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এটি কনস্টিটিউশনাল রাইটস (সাংবিধানিক অধিকার)। এভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের লেখাপড়াকে ধ্বংস করবে আর কিছু লোক তা ভাইরাল করবে, আমরা তা মেনে নেব না।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই মতবিনিময় সভায় দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :দিনাজপুর