দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত আসামি দম্পতি আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্ত) মো. শামসুল ইসলাম ও তার স্ত্রী মোছা. মায়া ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তাজহাট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত ৩১ মার্চ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
উভয়কে পৃথক দুটি ধারায় এক বছর ও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত যাবতীয় সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
রায়ের সময় পলাতক থাকলেও সোমবার সাজাপ্রাপ্ত এই দম্পতি আদালতে আত্মসমর্পণ করেন। মামলার বাদী ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ। আদালত উভয়কে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।