ভারতের কয়লা খনিতে মাটিচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা আনতে গিয়ে কয়লা খনির ভেতরে মাটিচাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্তের ওপারে ভারতের গারো পাহাড় এলাকার কলারছড়া কয়লার গুহায় এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের পশ্চিমপাড়ার ছমির আলীর ছেলে। পরে দুপুরে তার স্বজনেরা ভারত থেকে মরদেহ নিয়ে আসেন।
তবে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন কর্তৃপক্ষের দাবি, সীমান্ত এলাকার কিছু লোক গোপনে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে গিয়ে কয়লা খনিতে কাজ করেন। তারা কোনো দুর্ঘটনার শিকার হলে বিষয়টি জানাজানি হয়। নিহত ইউনুস আলীও ভারতে অবস্থান করে কয়লা খনিতে কাজ করছিলেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্তের একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার হতদরিদ্র শ্রমজীবী মানুষকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাঠিয়ে কয়লা সংগ্রহ করিয়ে আসছে। বিশেষ করে কিশোর ও যুবকদের সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গপথ দিয়ে ভারতের কয়লার গুহায় পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।
আজ বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি কয়লা শ্রমিকের দল সুরঙ্গপথে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহ করতে যায়। কয়লা সংগ্রহ শেষে বস্তা নিয়ে গুহা থেকে বের হওয়ার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে ইউনুস আলীর ওপর পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়েন।
এ সময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা গুহা থেকে বের হয়ে ইউনুস আলীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যেরা দুপুরে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে গুহার ভেতর থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি বাড়িতে নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর নিহত যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, নিহত ইউনুস আলী তাহিরপুর সীমান্তের চারাগাঁও এলাকার বিপরীতে ভারতের প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে কলারছড়ায় দীর্ঘদিন ধরে অবস্থান করে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আজ সকালে কয়লা খনিতে কাজ করার সময় মাটিচাপায় তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা লোকজন তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।


