করলাক্ষেতে ছাগল যাওয়ায় কৃষককে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলায় করলাক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাশেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করার পর রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়।
গ্রেপ্তাকৃত আসামিরা হলেন—মো. রাকিবুল ইসলাম রনি (২৮), মো. আ. হাকিম (৬০), মো. কফিল উদ্দিন (৬৫), আকলিমা বেগম (৩৫), হামিদা বেগম (৩৮), ফরিদা বেগম (৫০), জিয়াসমিন বেগম (২১)। তারা সবাই ধামইরহাট উপজেলার বড়শিবপুর মাষ্টারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট থানাধীন বড়শিবপুর (মাষ্টারপাড়া) এলাকায় শুক্রবার বিকেলে করলাক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিদের পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আবুল কাশেম পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। এ ছাড়া নিহতের স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অপরাধের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।