সাফারি পার্কের আদলে গড়ে তোলা হবে রাজশাহী চিড়িয়াখানা

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
সাফারি পার্কের আদলে গড়ে তোলা হবে রাজশাহী চিড়িয়াখানা
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন সালাউদ্দিন টুকুর। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে মুক্ত চিড়িয়াখানার আদলে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল রাজশাহী সফর করবে। একই সঙ্গে চিড়িয়াখানা থেকে স্থানান্তর করা প্রাণীগুলোর বর্তমান অবস্থাও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, এক সময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটিকে আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, চিড়িয়াখানার বর্তমান অবকাঠামো, প্রাণী সংরক্ষণ ব্যবস্থা এবং উন্নয়নের সম্ভাব্যতা যাচাইয়ে একটি বিশেষজ্ঞ দল কাজ করবে। তাদের সুপারিশের ভিত্তিতেই আধুনিকায়নের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চিড়িয়াখানা থেকে স্থানান্তর করা প্রাণীগুলো বর্তমানে কোথায় রয়েছে এবং কী অবস্থায় আছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজশাহীতে একটি আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথাও জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ জন্য রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাত করা সম্ভব হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী রাজশাহী সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, অল্প সময়ের মধ্যেই নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও সবুজায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) চিকিৎসক মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক চিকিৎসক মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :রাজশাহী