কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬)। তিনি রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মহসিন আলীর ছেলে। নিহত অপরজন হলেন ট্রাকের সহকারী মো. সোহরাব (৩৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে মালামালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় একই লেনে চলাচলকারী একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ও সহকারী কেবিনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় তারা ট্রাকের কেবিন থেকে চালক ও সহকারীকে উদ্ধার করেন। তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

