বরগুনায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন। একই সময়ে কার্যালয়ের ভেতরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্র ভারতে চলে গেলে বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এরপর থেকেই কার্যালয়টি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেখানে আর কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়নি।
বুধবার সকাল ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে আসেন। তারা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টানিয়ে দেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেসব নেতাকর্মী পতাকা উত্তোলন করেছেন, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। গ্রেপ্তার করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।